বাংলাদেশের কাবাডির দীর্ঘ পথচলার এক উজ্জ্বল নাম রূপালী আক্তার। রোববার (২৩শে নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় দল থেকে অবসর নিলেন, আর সেই বিদায়টাও হলো কাবাডি দলের পুরোনো ঐতিহ্য মেনে—সম্মান আর ভালোবাসায় ভরা একটি রাজকীয় অনুষ্ঠান দিয়ে।
শাহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ–চাইনিজ তাইপে সেমিফাইনালের আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভুইয়া রূপালীর মাথায় বিদায় মুকুট পরিয়ে দেন। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নওয়াজ সোহাগ তাকে “হ্যাপি রিটায়ারমেন্ট” লেখা এক বিশেষ স্টোল পরিয়ে সম্মান জানান।
৩৪ বছর বয়সী রূপালী বিশ্বকাপের মঞ্চ থেকে কাবাডিকে বিদায় জানালেন ঠিক রাণীর মতো—সম্মান, সম্মাননা আর খেলোয়াড়দের ভালোবাসায় সিক্ত হয়ে। তার দীর্ঘ ক্যারিয়ার, পরিশ্রম ও সাফল্যকে শ্রদ্ধা জানাতেই এই আয়োজন। তার বিদায়ে একটি অধ্যায়ের শেষ হলো, কিন্তু রেখে গেলো অনুপ্রেরণার গভীর ছাপ।