বানৌজা শের-ই-বাংলায় কুচকাওয়াজে নৌপ্রধান

 

পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে নৌবাহিনীর বি/২০২৫ ব্যাচের নবীন নাবিকদের বুটক্যাম্প প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত এই বর্ণাঢ্য কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং কৃতিত্বপূর্ণ নবীন নাবিকদের মধ্যে পুরস্কার তুলে দেন।

এ বছর ব্যাচের সেরা চৌকশ নাবিক হিসেবে রিজান মোল্যা ‘নৌপ্রধান পদক’ অর্জন করেন। দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ পেয়েছেন মোঃ মারুফ হাসান মুন্না। তৃতীয় স্থান অর্জন করেন মোঃ হাসান আলী, যিনি পেয়েছেন ‘শের-ই-বাংলা পদক’। দীর্ঘ ২২ সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে মোট ৪১৭ জন নবীন নাবিক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়। তারা জাতীয় পতাকা স্পর্শ করে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গ করার শপথ গ্রহণ করে।

নবীন নাবিকদের উদ্দেশে নৌবাহিনী প্রধান তাঁর বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের ত্যাগের কথা স্মরণ করেন। একই সঙ্গে সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে শাহাদাতবরণকারী শহিদদের প্রতিও তিনি শ্রদ্ধা জানান। তিনি নবীন নাবিকদের সামনে দেশের সম্ভাবনা, নৌবাহিনীর গুরুত্ব এবং সমুদ্রসীমা রক্ষায় তাদের ভবিষ্যৎ ভূমিকার কথা তুলে ধরেন।

নৌপ্রধান বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ত্রিমাত্রিক নৌবাহিনীর সদস্য হিসেবে প্রতিটি নাবিককে দেশের সংকটময় সময়ে জনগণের জানমাল রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং দায়িত্বপ্রাপ্ত এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখায় নিবেদিত থাকতে হবে। তিনি দেশসেবার পবিত্র দায়িত্ব বেছে নেওয়ায় নবীন নাবিকদের অভিনন্দন জানান এবং নতুন বাংলাদেশ গঠনে তাদের অগ্রণী ভূমিকা রাখার প্রতি আস্থা প্রকাশ করেন।

অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসও, উচ্চপদস্থ সামরিক–অসামরিক কর্মকর্তা, বরিশাল, খুলনা ও পটুয়াখালী অঞ্চলের গণ্যমান্য ব্যক্তি এবং নবীন নাবিকদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *