ড. ইউনুসের সাথে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক: নির্বাচনে পূর্ণ সহায়তার আশ্বাস

 

আসন্ন জাতীয় নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস। সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্র অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়র্কর বতচ্‌ওয়ের সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “গণতান্ত্রিক উত্তরণ এবং আসন্ন নির্বাচন—দুটোর ক্ষেত্রেই আপনাদের সহায়তা প্রয়োজন।” তিনি মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার একটি মুক্ত, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও আনন্দঘন নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

জবাবে কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশের নির্বাচনে পূর্ণ সহায়তার আশ্বাস দেন। তিনি জানান, কমনওয়েলথের ৫৬টি দেশের অভিজ্ঞতা—যার মধ্যে জি-৭ ও জি-২০ সদস্যও আছে—বাংলাদেশকে সামনে এগোতে সহযোগিতা করতে পারে।

মহাসচিব আরও জানান, তিনি ইতোমধ্যে প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেছেন। তার ভাষায়, “আমি দেশের ভবিষ্যৎ নিয়ে খুব আশাবাদী।” নির্বাচনের আগে পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতিও রয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

বৈঠকে দুই নেতার মধ্যে যুব উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি, সামাজিক ব্যবসার প্রসার এবং বেকারত্ব, কার্বন নিঃসরণ ও বৈষম্য কমানোর ‘থ্রি-জিরো ভিশন’ নিয়েও আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *