সিআইডি–টিকটক বৈঠক: ক্ষতিকর কনটেন্ট দমন ও কিশোরদের সুরক্ষায় সমন্বয়ের উদ্যোগ

 

২৬ নভেম্বর বুধবার, সিআইডি সদর দপ্তরে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের দুবাই অফিসের প্রতিনিধিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। এতে সাইবার ইন্টেলিজেন্স, সাইবার সুরক্ষা ও অপরাধ তদন্ত সংশ্লিষ্ট বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টিকটকের পক্ষ থেকে অংশ নেন সোহাইব খান, ফেরদৌস মুত্তাকিন ও আদিল শাহ।

সভায় ক্ষতিকর ও বেআইনি কনটেন্ট দ্রুত অপসারণে বাংলাদেশ পুলিশ ও টিকটকের মধ্যে একটি আনুষ্ঠানিক যোগাযোগ চ্যানেল গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। ভুয়া তথ্য, পর্নোগ্রাফি, জুয়ার প্রচার, সাইবার বুলিং এবং প্রতারকদের রিক্রুটমেন্ট ভিডিও শনাক্ত ও সরানোর ক্ষেত্রে টিকটকের পদক্ষেপ আরও শক্তিশালী করার প্রস্তাব তুলে ধরা হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাইবার পুলিশ সেন্টারের ২৪ ঘণ্টার সাইবার পেট্রোলিং কার্যক্রমে টিকটকের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। কিশোর ব্যবহারকারীদের সুরক্ষা নিয়েও সিআইডি উদ্বেগ জানায়। ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জ, বিপজ্জনক স্টান্ট, এবং বিভ্রান্তিকর তথ্য থেকে কিশোরদের রক্ষায় ইন-অ্যাপ সতর্কতা, সচেতনতামূলক ক্যাম্পেইন ও অভিভাবকদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ প্রস্তাব করা হয়। ডিপফেকসহ এআই-নির্ভর বিভ্রান্তিকর কনটেন্ট দ্রুত শনাক্তের জন্য বিশেষ প্রটোকল চালুর বিষয়েও আলোচনা হয়।

আইন প্রয়োগকারী সংস্থার আনুষ্ঠানিক অনুরোধে তথ্য সরবরাহে টিকটকের বিলম্ব তদন্তে বাধা সৃষ্টি করছে বলে সিআইডি জানায়। ভবিষ্যতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রয়োজনীয় তথ্য পাওয়ার জন্য স্পষ্ট গাইডলাইন তৈরির অনুরোধ জানানো হয়।

সভা শেষে সিআইডি এবং টিকটক উভয় পক্ষই নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। সাইবার অপরাধ প্রতিরোধে তথ্য বিনিময়, প্রযুক্তিগত সহযোগিতা এবং কার্যকর সমন্বয় বৃদ্ধির বিষয়ে তারা একমত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *