শেখ হাসিনাকে ফেরানো প্রসঙ্গে চিঠির জবাব দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

 

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাকে দেশে ফেরানোর বিষয়ে নয়াদিল্লিকে পাঠানো সর্বশেষ চিঠির এখনও কোনো জবাব পায়নি বাংলাদেশ। বুধবার (২৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারতকে চিঠি পাঠানো হয়েছে। তবে কবে এ চিঠির জবাব আসবে তা নিশ্চিত নয়। তার ভাষায়, এত দ্রুত ভারতের কাছ থেকে জবাব পাওয়ার প্রত্যাশাও করে না ঢাকা।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, রায় ঘোষণার আগেও দিল্লিকে একাধিকবার চিঠি পাঠানো হয়েছিল। সেসব চিঠিরও কোনো উত্তর আসেনি। রায়ের পর আবার চিঠি পাঠানো হলেও এখনও কোনো সাড়া মেলেনি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চিমা দেশগুলোর কোনো চাপ নেই। ভারত যদি পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেয়, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার ঘটনায় ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

সরকারি সূত্র বলছে, দিল্লির উত্তরের অপেক্ষায় থাকলেও বাংলাদেশ এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট সময়সীমা ধরে এগোচ্ছে না; পরিস্থিতি দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *