দৌলতপুরে যুবককে রগ কেটে হত্যা: দু’জন গ্রেফতার

 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় জনি ইসলাম (৩৫) নামে এক যুবককে রগ কেটে হত্যার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত জনির মা হাসু খাতুন বাদী হয়ে মোট ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫–২০ জনকে আসামি করে শনিবার রাতে দৌলতপুর থানায় মামলা করেন।

মামলা দায়েরের পর রাতেই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, নিহত জনি দীর্ঘদিন ধরে স্থানীয় অস্ত্র ও মাদক কারবারি সোহানের সহযোগী হিসেবে কাজ করতেন। পাওনা টাকা নিয়ে সোহান ও জনির মধ্যে বিরোধ তৈরি হয়। এর জেরে শুক্রবার সন্ধ্যায় সোহানের লোকজন জনির ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং পিঠে সেলাই নিতে হয়। হামলার ভয়ে তিনি মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় আশ্রয় নেন।

শনিবার দুপুরে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তার ওপর আবারও হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ কেটে দিলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ বলেন, “ঘটনার পর নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। আমরা রাতেই অভিযানে নেমে দুইজনকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *