বরিশালের বানারীপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রদল দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বানারীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল হাওলাদার এবং সরকারি ফজলুল হক কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব টিপু খানের সাংগঠনিক পদের ওপর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তাদের সাংগঠনিক কাজে আর কোনো বাধা থাকছে না।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।
২০২৪ সালের আগস্টে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছিল। দীর্ঘ এক বছরের বেশি সময় পর কেন্দ্রীয় সিদ্ধান্তে তারা আবারও সংগঠনের পদে ফিরলেন। এ ঘটনাকে ঘিরে ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানান— সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা রক্ষা করে সংগঠনকে শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রুবেল হাওলাদার বলেন, “২০২৪ সালের আগস্টে আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ ছিল মিথ্যা ও ভিত্তিহীন। দেরিতে হলেও কেন্দ্রীয় নেতৃত্ব সত্যটা বুঝেছেন এবং আমাকে স্বপদে ফিরিয়ে দিয়েছেন। এজন্য বিএনপি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”