কানাডার গমের বাজারে বাংলাদেশকে অগ্রাধিকার

 

কানাডার হাইকমিশন জানিয়েছে, ২৩ থেকে ২৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত ঢাকায় সফর করেছে সেরিয়ালস কানাডা, কানাডিয়ান গ্রেইন কমিশন এবং আলবার্টা গ্রেইনসের একটি প্রতিনিধি দল। তিন দিনের এ সফরে বাংলাদেশের গম আমদানিকারক প্রতিষ্ঠান, মিল মালিক ও বেকারি উদ্যোক্তাদের সঙ্গে বিভিন্ন বাজার-সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এই সফরের প্রধান আয়োজন ছিল সেরিয়ালস কানাডার নেতৃত্বে অনুষ্ঠিত বার্ষিক নিউ ক্রপ সেমিনার। এখানে বাংলাদেশের মিলার, বেকারি শিল্প ও গম আমদানিকারকরা কানাডার ২০২৫ সালের নতুন গম উৎপাদন, গুণগত বৈশিষ্ট্য, মান নির্ধারণ প্রক্রিয়া এবং সর্বশেষ প্রযুক্তিগত তথ্য সম্পর্কে ধারণা পান। এসব তথ্য আমদানিকারকদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে।

বাংলাদেশ কানাডার উচ্চমানের গমের একটি গুরুত্বপূর্ণ বাজার। মিল মালিকদের কাছে কানাডিয়ান গম জনপ্রিয় এর নিরবচ্ছিন্ন মান, নির্ভরযোগ্যতা এবং ভালো কর্মক্ষমতার কারণে। কানাডার স্বচ্ছ নিয়ন্ত্রণব্যবস্থা এবং কঠোর মান–নিয়ন্ত্রণ পদ্ধতি গমের গুণমান নিশ্চিত করে।

হাইকমিশন জানায়, খাদ্যশিল্প বিস্তৃত হওয়ার সঙ্গে সঙ্গে কানাডা বাংলাদেশের পাশে থাকতে চায়। স্থিতিশীল সরবরাহ, মানসম্পন্ন গম এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা, উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে তারা কাজ করে যাবে।

দুই দেশের দীর্ঘদিনের বাণিজ্যিক অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে কানাডা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *