সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

 

সরকারি মাধ্যমিক শিক্ষকদের চলমান কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ ও একাডেমিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এ সিদ্ধান্ত জানিয়েছে। ফলে দীর্ঘ অনিশ্চয়তার পর আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর) থেকে সারা দেশে নিয়মিত সূচি অনুযায়ী বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে প্রকাশিত সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষা ও শিক্ষাজীবনকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনা তাদের দায়িত্বের অংশ। তাই সকল বিদ্যালয়ে সুষ্ঠুভাবে বার্ষিক পরীক্ষা গ্রহণে দায়িত্বপ্রাপ্তদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিক্ষকসমাজের ন্যায্য দাবি–দাওয়াগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা প্রয়োজন। যাতে ভবিষ্যতে শিক্ষা কার্যক্রম কোনোভাবে ব্যাহত না হয়। দাবি আদায়ের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে শিগগিরই জানানো হবে বলে সমিতি জানিয়েছে।

উল্লেখ্য, এন্ট্রি–পদের বেতন ৯ম গ্রেডসহ চার দফা দাবিতে ১ ডিসেম্বর থেকে ‘পূর্ণদিবস কর্মবিরতি’ কর্মসূচি পালন করে আসছিলেন সরকারি মাধ্যমিক শিক্ষকেরা। কর্মসূচির অংশ হিসেবে তারা বার্ষিক পরীক্ষা, এসএসসি নির্বাচনী পরীক্ষা ও খাতা মূল্যায়ন থেকেও বিরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *