শ্রীলংকায় ঘূর্ণিঝড় ডিটওয়া–র প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৩৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন কমপক্ষে দুই শতাধিক মানুষ। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে—বন্যায় ২০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১ লাখ ২৩ হাজার মানুষকে সরকার পরিচালিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে শ্রীলংকার সরকার জরুরি অবস্থা জারি করেছে এবং আন্তর্জাতিক সহায়তা চেয়েছে।
এই মানবিক বিপর্যয়ে বাংলাদেশ সরকার গভীর দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয় ও সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি–১৩০জে পরিবহন বিমান আজ বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) কলম্বোর উদ্দেশে যাত্রা করে।
১৫ সদস্যের বিমান বাহিনীর ক্রু, সশস্ত্র বাহিনী বিভাগের একজন কর্মকর্তা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিসহ এই দলে নেতৃত্ব দেন বিমান বাহিনীর এয়ার কমডোর মোহাম্মদ সহিদুল ইসলাম। বিমানে প্রায় ১০ টন ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে—তাঁবু, শুকনো খাবার, মশারি, টর্চলাইট, গামবুট, ভেস্ট, হ্যান্ড গ্লাভস, রেসকিউ হেলমেট এবং বিপুল পরিমাণ ওষুধ।
উল্লেখ্য, মানবিক সহায়তা পৌঁছে দিয়ে সি–১৩০জে পরিবহন বিমানটি একইদিন বাংলাদেশে ফিরে আসবে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী জানিয়েছে—সরকারের পক্ষ থেকে পাঠানো এই সহায়তা শ্রীলংকার ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে ভূমিকা রাখবে। ভবিষ্যতেও বৈশ্বিক যে কোনও মানবিক প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রস্তুত থাকবে।