ঢাকার এনসিপি কার্যালয়ে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও আলোচনায় অংশ নেয়। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আইআরআই-এর Centre for Insights in Survey Research–এর সিনিয়র ডিরেক্টর সোনজা গ্লেকলে। এনসিপির পক্ষ থেকে তাঁদের স্বাগত জানান সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ড. তাসনিম জারা এবং জয়েন্ট চিফ কো-অর্ডিনেটর নাভিদ নাওরোজ শাহ।
বৈঠকে সম্প্রতি আইআরআই পরিচালিত প্রাক্-নির্বাচন জরিপের ফলাফল ও গবেষণা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জরিপে উঠে আসা, ভোটারদের কাছে অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান, নিরাপত্তা এবং সুশাসনের বিষয়গুলো সোনজা গ্লেকলে ব্যাখ্যা করেন।
এনসিপির পক্ষ থেকেও বেশ কিছু প্রশ্ন ও পর্যবেক্ষণ উপস্থাপন করা হয়। বিশেষ করে তরুণ ভোটারদের আগ্রহ, রাজনৈতিক প্রচারণায় কোন বিষয়গুলো বেশি গুরুত্ব পাচ্ছে এবং অঞ্চলভেদে জনমতের পার্থক্য নিয়ে জানতে চান দলটির প্রতিনিধিরা। জবাবে আইআরআই দল জানায়, তরুণদের মধ্যে ডিজিটাল প্রচারণা ও রাজনৈতিক দলের স্পষ্ট ভবিষ্যৎ পরিকল্পনাই সবচেয়ে বেশি প্রভাব ফেলছে।
জরিপ ছাড়াও উভয় পক্ষ বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। নির্বাচনী পরিবেশ, রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, এবং ভোটারদের বর্তমান মনোভাব—এসব দিক নিয়েই ছিল আলোচনা। আইআরআই দলের মতে, দেশ দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং এসব পরিবর্তন বোঝার জন্য তথ্যনির্ভর গবেষণা অত্যন্ত জরুরি।
এনসিপির পক্ষ থেকে মাঠপর্যায়ের অভিজ্ঞতা, স্থানীয় রাজনৈতিক বাস্তবতা এবং মানুষের আলোচনায় উঠে আসা বিষয়গুলোর একটি চিত্র তুলে ধরা হয়।
বৈঠকের শেষে উভয় পক্ষই মনে করে—ভবিষ্যৎ নির্বাচন ও রাজনৈতিক পরিবেশ বোঝার ক্ষেত্রে এ ধরনের তথ্যভিত্তিক আলোচনা গুরুত্ব বহন করে। গবেষণা, স্বচ্ছ তথ্য বিনিময় এবং খোলামেলা মতবিনিময়ই আগামীর রাজনৈতিক বাস্তবচিত্র বুঝতে সহায়ক হবে।
দিনের এই বৈঠকটিকে দুই প্রতিষ্ঠানই সময়োপযোগী ও গঠনমূলক একটি উদ্যোগ হিসেবে বিবেচনা করেছে।