ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বক্তব্যে তিনি সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করা কোর্স সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, বছরজুড়ে কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও উল্লেখ করেন, নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে উচ্চমানের শিক্ষা ও গবেষণার কেন্দ্রে পরিণত হয়েছে ন্যাশনাল ডিফেন্স কলেজ। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিবেশে কার্যকর নেতৃত্ব গঠনে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রধান উপদেষ্টা ভ্রাতৃপ্রতিম দেশগুলোর অংশগ্রহণকারী সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের অংশগ্রহণ বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশগুলোর বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করবে।
অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক প্রধান উপদেষ্টার উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “জ্ঞানই নিরাপত্তা”—এই বিশ্বাসকে ভিত্তি করে এনডিসি দেশের সামরিক ও অসামরিক কর্মকর্তাদের জাতীয় নিরাপত্তা, উন্নয়ন ও নীতি প্রণয়নে সক্ষম করে তুলছে। তিনি কোর্স সমাপ্তিতে প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তর, বিভিন্ন মন্ত্রণালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
এ বছর এনডিসি ২০২৫ কোর্সে মোট ৯৬ জন অংশ নেন—বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৯ জন, বেসামরিক প্রশাসনের ১৮ জন এবং ১৮টি ভ্রাতৃপ্রতিম দেশের ২৯ জন অংশগ্রহণকারী ছিলেন। একই সঙ্গে সেনা, নৌ ও বিমানবাহিনীর মোট ৫৬ জন কর্মকর্তা সফলভাবে এএফডব্লিউসি ২০২৫ কোর্স সম্পন্ন করেন।
অনুষ্ঠানে সামরিক-বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ ও অতিথিরা উপস্থিত ছিলেন।