২০২৫: বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে বুধবার (০৩রা ডিসেম্বর) সন্ধ্যা সাতটার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
হাসপাতালে পৌঁছালে তাঁকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ. জে. এম. জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং ছোট ভাই শামীম এসকান্দার।
প্রধান উপদেষ্টা প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন। এ সময় তিনি বেগম জিয়ার পরিবার ও বিএনপি নেতাদের ধৈর্য ধরার আহ্বান জানান। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসক দল তাঁকে বিস্তারিত জানান। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স, যুক্তরাজ্য, চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের পরামর্শে তাঁর চিকিৎসা চলছে।
প্রধান উপদেষ্টা সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনার অনুরোধ জানান।
হাসপাতাল পরিদর্শনের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন।