ময়মনসিংহে ২০ সদস্যের জেলা গণতান্ত্রিক অধিকার কমিটি গঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী ফরিদকে কমিটির আহবায়ক করা হয়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ময়মনসিংহ শহরে কমিটি গঠনের লক্ষ্যে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সামিনা লুৎফা, ডা. নাজমুস সাকিব এবং রাফিকুজ্জামান ফরিদ। অধ্যাপক কাজী ফরিদের সভাপতিত্বে সভায় ময়মনসিংহের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
সভায় সর্বসম্মতিক্রমে ২০ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— অজিত দাস, সরকার আজিজ, মনিরা বেগম অনু, নাসিমা আক্তার, মো. আতাউর রহমান, মোতাহার হোসেন, জহিরুল আমিন রুবেল, আবু বকর সিদ্দিক রুমেল, আবুল কালাম আল আজাদ, জেনাস ভৌমিক, জায়েদ হাসান ওয়ালিদ, আরিফুল হাসান, জুই, সঞ্জয় রায়, রেসমিনা হক, মির্জা আরাফাত জাহান, ইমতিয়াজ আহমেদ, আবীর হোসেন, দেবব্রত সাহা এবং বিজন সম্মানিত।
সভায় বক্তারা বলেন, ঢাকায় গণতান্ত্রিক অধিকার কমিটি গঠনের পর দেশের বিভিন্ন অঞ্চলে নাগরিক আন্দোলন বিস্তারের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়েছে। তারা অভিযোগ করেন, অতীতে আওয়ামী সরকারের সময় জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল এবং অভ্যুত্থান-পরবর্তী সময়েও বিভিন্নভাবে স্বাধীন মত প্রকাশে বাধা তৈরি হচ্ছে। মব সহিংসতা, ভিন্নমতের মানুষের ওপর হামলা এবং নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়া উদ্বেগজনক।
বক্তারা আরও বলেন, সারাদেশে নাগরিক আন্দোলন জোরদার করতে বিভাগীয় শহরগুলোতে অধিকার কমিটি সক্রিয় করা জরুরি। ময়মনসিংহে নবগঠিত কমিটি ভবিষ্যতে গণতান্ত্রিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় ময়মনসিংহের গণতন্ত্রপ্রেমী সকল মানুষকে এই কমিটিতে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।