দৌলতপুরে মোটরসাইকেল আরোহীদের গুলিতে কৃষক নিহত

 

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল–আরোহী দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম রফি (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ঠা নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ওই গ্রামের মত আলি মোল্লার ছেলে।

স্থানীয়দের মতে, রফিকুল কৃষিকাজ শেষ করে সন্ধ্যায় পচাভিটা গ্রামে সকেত মেম্বারের বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বুকে গুলি লাগায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্বৃত্তরা পালানোর সময় কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে স্থানীয় দুই ব্যক্তি—রবজেল ও ইউসুফ—গুলিবিদ্ধ হন। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।

দৌলতপুর থানার ওসি সোলায়মান শেখ জানান, দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রফিকুল ঘটনাস্থলেই মারা যান এবং দুইজন আহত হয়েছেন। কারা এই হামলা চালিয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানান তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, কৃষি কাজের পাশাপাশি রফিকুল স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তবে কারও সঙ্গে তার প্রকাশ্য দ্বন্দ্বের কথা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *