বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে কাস্তের আঘাতে এক কলেজছাত্রী গুরুতর জখম হয়েছে। ছিনতাইচেষ্টার অভিযোগে সজীব (২৭) নামের এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। ঘটনাটি বুধবার (৩ ডিসেম্বর) শিয়ালকাঠী গ্রামে ঘটার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, শিয়ালকাঠী গ্রামের জাকির হোসেনের কলেজপড়ুয়া মেয়ে জিদনী (১৭) বাড়ির কাছাকাছি গেলে উত্তরকুল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সজীব তার গলায় থাকা দেড় ভরি স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। জিদনী চিৎকার করলে সজীব হাতে থাকা কাস্তে দিয়ে তার মুখে আঘাত করে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা জিদনীকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (সেবাচিম) পাঠান।
পরদিন বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে সজীবের ভাই তাকে ভুক্তভোগী পরিবারের কাছে দিয়ে দেন। এরপর ক্ষুব্ধ এলাকাবাসী সজীবকে আটক করে পুলিশকে খবর দেয়। লবণসাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আরাফাত ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করেন।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শতদল মজুমদার জানান, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে সজীবকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা যাচাই করে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।