একযুগ পর সানিডেইলের শিরোপা জয়

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘‘পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতায়’’ বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে সানিডেইল।

বালক বিভাগে সর্বশেষ ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিল সানিডেইল, আর বালিকা বিভাগে ২০১৩ সালে শেষবার শিরোপা জিতেছিল স্কুলটি। এক যুগ পর আবারও দুই বিভাগে একসঙ্গে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে সানিডেইল।

পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে রোববার বালক বিভাগের ফাইনালে সানিডেইল ২৩-১৭ গোলে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ১৫-৭ গোলে এগিয়ে ছিল।

অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে সানিডেইল ১৪-১২ গোলে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজকে হারায়। ভিকারুননিসা প্রথমার্ধে ৭-৫ গোলে এগিয়ে থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত সানিডেইলকে প্রতিহত করতে পারেনি। মেয়েদের স্কুল হ্যান্ডবলে বরাবরই দাপট দেখিয়ে আসা ভিকারুননিসা স্কুল এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত হার মানে।

প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের খেতাব বালক বিভাগে সানিডেইল-এর আহিয়ান আহমেদ এবং বালিকা বিভাগে সানিডেইল-এর রাহা অর্জন করেছেন। বালক বিভাগে সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন ঢাকা গভ: মুসলিম হাইস্কুলের মাহি, আর বালিকা বিভাগে সেরা গোলরক্ষক হয়েছেন ভিকারুননিসার আনজুম।

স্থানীয় স্কুলগুলোর মধ্যে বালক বিভাগে সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ ৩য় ও ঢাকা গভ: মুসলিম হাইস্কুল ৪র্থ স্থান অর্জন করে। বালিকা বিভাগে শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ ৩য় ও শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় ৪র্থ স্থানে থাকেন।

ফাইনালে শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ সভাপতি মো: মজনু মোল্লাহ, আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা মো: জাকির হোসেন, কার্যনির্বাহী সদস্য ও আয়োজক কমিটির আহ্বায়ক গোলাম হাবীব, সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন আহম্মেদ এবং ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং আব্দুল্লাহ আল মামুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *