মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে রোববার (৫ অক্টোবর) দিনভর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও মৎস্য অধিদপ্তর। অভিযানে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল নষ্ট করা হয়।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অভিযানের সময় জেলে আনিস মৃধা (৩০), সজিব মোল্লা (১৮) ও ইমরান হোসেন (২২)-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধারকৃত ইলিশ মাছ মসজিদ মাদ্রাসায় দান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, “মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। প্রতিদিন নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। উপজেলা প্রশাসন, থানা পুলিশ এবং মৎস্য অফিস চোখ কান খোলা রেখে সতর্ক রয়েছে। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।”
অভিযানে নেতৃত্ব দেন ইউএনও আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহাগ হাসান মিলু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এনএন পারভেজ, বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার ও নৌপুলিশের সদস্যবৃন্দ।