ঢাকার দৃকপাথ ভবনে শুরু হলো ওয়ার্ল্ড প্রেস ফটো’র ৭০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ প্রদর্শনী। দৃক পিকচার লাইব্রেরি ও ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশন যৌথভাবে প্রদর্শনীর উদ্বোধন করে। প্রদর্শনীর শিরোনাম— “আমরা কী করেছি? সাত দশকের ওয়ার্ল্ড প্রেস ফটো”। এটি কিউরেট করেছেন শিল্পী ও আলোকচিত্রী ক্রিস্তিনা দে মিদ্দেল। এর আগে প্রদর্শনীটি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ এবং নেদারল্যান্ডসের গ্রনিনজেনে আয়োজন করা হয়েছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়ার্ল্ড প্রেস ফটোর প্রোগ্রাম ম্যানেজার আনা কুচমা, চর্চা’র সম্পাদক সোহরাব হাসান এবং দৃকের ব্যবস্থাপনা পরিচালক শাহিদুল আলম। তাঁরা সাত দশকের এই ভিজ্যুয়াল ইতিহাসের গুরুত্ব তুলে ধরেন এবং চলমান পপ-আপ উৎসবের তাৎপর্য ব্যাখ্যা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৃকের জেনারেল ম্যানেজার ও কিউরেটর এএসএম রেজাউর রহমান।
প্রদর্শনীর পাশাপাশি চলছে একটি বিশেষ পপ-আপ উৎসব। এর অংশ হিসেবে তিন দিনের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, যেখানে ফটোজার্নালিজম ও ভিজ্যুয়াল ন্যারেটিভ নিয়ে প্রশিক্ষণ দেন রয়টার্স পিকচার্সের দক্ষিণ এশিয়া সম্পাদক গ্যাব্রিয়েল ফনসেকা জনসন ।
প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে ২০শে ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টার মধ্যে দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন।
স্থান:
দৃকপাথ ভবন
১৬ শুক্রাবাদ, প্যান্থপথ, ঢাকা।