বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন এলাকার কাছে মায়ানমারে সিমেন্ট পাচারের চেষ্টা চলাকালে তিনটি ইঞ্জিনচালিত বোট আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গোপন তথ্যে জানা যায়, চট্টগ্রাম ও নোয়াখালীর সোলেমান বাজার, লক্ষীরচর ও সুবর্ণচর এলাকা থেকে সিমেন্টবোঝাই বোটগুলো মায়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে।
এ তথ্যের ভিত্তিতে সেন্ট মার্টিন ও আশপাশের সমুদ্র এলাকায় নৌবাহিনী টহল জোরদার করে। শুক্রবার (০৫ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাতে নৌবাহিনীর জাহাজ প্রত্যাশা টহলের সময় তিনটি সন্দেহজনক বোট সনাক্ত করে। থামার নির্দেশ দিলে বোটগুলো পালানোর চেষ্টা করে। নৌবাহিনী দ্রুত ধাওয়া চালিয়ে ‘এফবি আল্লাহর দান’, ‘এফবি আলাউদ্দিন-১’ এবং ‘এফবি আলাউদ্দিন-২’ নামের বোটগুলো আটক করতে সক্ষম হয়।
তল্লাশি চালিয়ে বোটগুলো থেকে মোট ১,৫৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এসব সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৮৭৯,৫০০ টাকা। একই সঙ্গে চোরাচালানে জড়িত ৩০ জন মাঝিমল্লাকেও আটক করা হয়।
জব্দকৃত বোট, মালামাল এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানায়, মায়ানমারে বেশি দামে বিক্রির আশায় একটি অসাধু ব্যবসায়ী চক্র দীর্ঘদিন ধরে এভাবে সিমেন্ট চোরাচালান করছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ ঠেকানো, চোরাচালান ও জলদস্যুতা দমন এবং সামুদ্রিক সম্পদ সুরক্ষায় নৌবাহিনীর নিয়মিত টহল অব্যাহত রয়েছে।