ইথিওপিয়ার আদ্দিস আবাবায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা চালু হয়েছে। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার, এই সেবার উদ্বোধন করেন ইথিওপিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল সিতওয়াত নাঈম জুপ, এনডিসি, এডব্লুসি, পিএসসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনজুর-ই-ইলাহী, পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. শিহাব উদ্দিন খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মি. আনোয়ার পারভেজ।
উদ্বোধনের প্রথম দিন তিনটি আবেদনকারীর ই-পাসপোর্ট এনরোলমেন্ট সম্পন্ন হয় এবং সঙ্গে সঙ্গে তাদের হাতে ডেলিভারি স্লিপ তুলে দেওয়া হয়। আদ্দিস আবাবার দূতাবাসটি বিশ্বের ৬৮তম বাংলাদেশ মিশন যেখানে ই-পাসপোর্ট সেবা স্থাপন করা হলো।
এই ব্যবস্থার মাধ্যমে ইথিওপিয়া, সুদান, দক্ষিণ সুদান ও বুরুন্ডিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দূতাবাস থেকেই ই-পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারবেন। এতে প্রবাসীদের জন্য পাসপোর্ট সেবা আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।