কুষ্টিয়ার দৌলতপুরে বিষাক্ত স্পিরিট পান করে হাকিম আহমেদ (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আরেক শিক্ষার্থী হযরত উদ্দিন গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় দুই বন্ধু গ্রামের একটি লিচুবাগানে স্পিরিট পান করার পর অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাদের দৌলতপুর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাকিমের মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, অতিরিক্ত অ্যালকোহল পানে পয়জনিংয়ের কারণে তার মৃত্যু হয়েছে।
নিহত হাকিম খলিসাকুন্ডি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। তিনি দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের চকঘোগা পূর্বপাড়ার মোঃ হাসিবুল ইসলামের ছেলে। অসুস্থ হযরত উদ্দিন একই গ্রামের বিছার উদ্দিনের ছেলে।
হাকিমের চাচাতো ভাই মাসুম জানান, সন্ধ্যায় এক বন্ধুর সঙ্গে লিচুবাগানে বসে তারা বিষাক্ত অ্যালকোহল পান করে। এরপর দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত করছে।