চীনের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড টিসিএল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। রোববার রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে ব্র্যান্ডটির স্থানীয় বাজারে অভিষেক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে টিসিএলের একমাত্র অফিসিয়াল পার্টনার হিসেবে দায়িত্ব পেয়েছে ডিএক্স গ্রুপ। তারা ব্র্যান্ডটির বিপণন, বিতরণ ও দেশের ভেতরে স্থানীয় উৎপাদন কার্যক্রম পরিচালনা করবে।
অনুষ্ঠানে টিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশে স্থানীয়ভাবে টেলিভিশন, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন স্মার্ট গৃহস্থালি পণ্য উৎপাদন করা হবে। প্রতিষ্ঠানটির দাবি, অত্যাধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মান এবং সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে দেশের ক্রেতারা আরও উন্নত অভিজ্ঞতা পাবেন।
টিসিএল ১৯৮১ সালে প্রতিষ্ঠিত একটি বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড। প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চলে ব্যবসা পরিচালনা করছে। প্যানেল প্রযুক্তি, টিভি ও এয়ার কন্ডিশনার বাজারে তারা বৈশ্বিকভাবে শীর্ষ অবস্থানে রয়েছে। এছাড়া অন্যান্য স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সেও তাদের উপস্থিতি দ্রুত বাড়ছে।