স্যাটেলাইট প্রযুক্তিতে তরুণদের সম্পৃক্ত করতে বিশ্ববিদ্যালয় ইন্টার্নদের সঙ্গে মতবিনিময়

 

 

স্যাটেলাইট প্রযুক্তি বিষয়ে আগ্রহী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৮ জন শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমেদ তৈয়্যব। রবিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) উদ্যোগে একদিনের জন্য ইন্টার্নশিপ শিক্ষার্থীদের মন্ত্রণালয়ে সংযুক্তি দেওয়া হয়। তারা স্যাটেলাইট পরিচালনা, সেবা ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত কার্যক্রম সরাসরি ঘুরে দেখার সুযোগ পান।

ফয়েজ আহমেদ তৈয়্যব শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে জনগণের সেবা বাড়াতে গবেষণা ও উদ্ভাবনী কাজে তরুণদের যুক্ত হওয়া জরুরি। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্প–খাতের সঙ্গে সক্রিয় সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে একাডেমিক জ্ঞান বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মিলিত হয়ে নতুন উদ্ভাবন তৈরি হয়।

বিএসসিএলের তত্ত্বাবধানে দেশের খ্যাতনামা ৬ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে স্যাটেলাইট ও সংশ্লিষ্ট প্রযুক্তি খাতের জন্য দক্ষ জনশক্তি তৈরি হবে এবং ভবিষ্যতে বাংলাদেশের সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, অতিরিক্ত সচিব মোঃ জানে আলম, অতিরিক্ত সচিব (টেলিকম) মোঃ জহিরুল ইসলাম, বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান এবং জেনারেল ম্যানেজার মো. গোলাম সারোওয়ার।

প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়–ইন্ডাস্ট্রি সহযোগিতা আরও শক্তিশালী হবে এবং তরুণ প্রজন্ম স্যাটেলাইট প্রযুক্তি খাতে গবেষণা ও উদ্ভাবনের নতুন সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *