যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ যুব হকি দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার এক বার্তায় তিনি বলেন, এই অর্জন পুরো জাতিকে আনন্দিত ও গর্বিত করেছে।
প্রধান উপদেষ্টা জানান, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, দলীয় সংহতি ও অদম্য মনোবলই খেলোয়াড়দের এই সাফল্যের মূল শক্তি। তরুণ খেলোয়াড়দের প্রাণশক্তি, কোচিং স্টাফের নিষ্ঠা এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এই সাফল্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার পথ খুলে দেবে এবং হকি খেলাকে আরও সামনে এগিয়ে নেবে। উন্নতি ও উৎকর্ষতার এই ধারাকে ধরে রাখলে ভবিষ্যতে আরও বড় অর্জন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার ভারতের মাদুরাইয়ে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রিয়াকে ৫–২ গোলে হারিয়ে চ্যালেঞ্জার ট্রফির শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।
উল্লেখ্য, যুব বিশ্বকাপ হকিতে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া আট দলের জন্য যে স্থান নির্ধারণী পর্ব অনুষ্ঠিত হয়, আন্তর্জাতিক হকি সংস্থা এ বছর সেই পর্বকে আনুষ্ঠানিকভাবে ‘চ্যালেঞ্জার ট্রফি’ নাম দিয়েছে।