দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে নৌবাহিনীর নতুন কন্টিনজেন্টের যাত্রা

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ‘ইউনাইটেড নেশন্স মিশন ইন সাউথ সুদান (আনমিস)’–এ অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর নতুন দল দায়িত্ব নিতে যাচ্ছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর ) প্রথম গ্রুপে নৌবাহিনীর ৯৯ জন সদস্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ সুদানের উদ্দেশে রওনা দেন। তারা ‘বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট–১১’ এর সদস্য হিসেবে মিশনে যোগ দেবেন। এই দলটি ‘ফোর্স মেরিন ইউনিট–১০’-এর স্থলাভিষিক্ত হবে।

নৌবাহিনী জানায়, আগামী ১৯ ডিসেম্বর দ্বিতীয় গ্রুপে আরও ৩৯ জন নৌসদস্য ওই শান্তিরক্ষা মিশনে যোগদান করবেন। জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী বহু বছর ধরে বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট দক্ষিণ সুদানের জলপথে শান্তিরক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।

মিশনে তারা মূলত জ্বালানি, খাদ্য, ওষুধপত্র ও মানবিক সহায়তাবাহী বার্জগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করে থাকে। এছাড়া নৌপথে জলদস্যুতা প্রতিরোধ, দুর্ঘটনা কবলিত নৌযানে উদ্ধার কাজ, বার্জে কর্মরত বেসামরিক নাবিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মিশনের সদস্যদের রসদ দূরবর্তী অঞ্চলে পৌঁছে দেওয়ার কাজও তারা করে থাকে। অগ্নিনির্বাপণে স্থানীয় জনগণকে সহায়তা দেওয়াসহ মানবিক কার্যক্রমেও তারা যুক্ত।

গত তিন দশকেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত এলাকায় শান্তিরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে। আহত সদস্যদের উদ্ধার, জরুরি চিকিৎসাসেবা এবং ডুবুরি সহায়তা প্রদানেও তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

দক্ষিণ সুদানের পাশাপাশি লেবাননের ভূমধ্যসাগরে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা সংগ্রাম’ মোতায়েন রয়েছে। নীল নদের ১৩১১ কিলোমিটার পথজুড়ে নৌবাহিনী ইতোমধ্যে সফলভাবে ৭১টি লজিস্টিক অপারেশন সম্পন্ন করেছে। নৌবাহিনীর এই ধারাবাহিক অবদান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *