জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ২০১৩ সালে গুম হওয়া তাদের তিন নেতার খোঁজ ও বিচার দাবিতে মানববন্ধন করেছে। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার (১০ই ডিসেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২০১৩ সালের ৪ঠা ডিসেম্বর নিখোঁজ হন জবি ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম রাসেল, আসাদুজ্জামান রানা এবং আল-আমিন। তাদের সন্ধানের দাবিতে ছাত্রদলের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারাও মানববন্ধনে সংহতি জানান।
অধ্যাপক ড. রইছ্ উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের কতজন শিক্ষার্থী গুম হয়েছেন—তা নিরূপণ করে তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত একটি কমিটি গঠন করা।
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মিজানুর রহমান শরীফ আবেগঘন স্মৃতিচারণ করে বলেন, রাসেল, রানা ও আল-আমিন ছিলেন রাজপথের সহযোদ্ধা। রাজনৈতিক আদর্শের কারণে তাদের গুম হতে হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল প্রশাসনের অন্যান্য গুম-খুনের শিকার পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে সংশ্লিষ্টদের বিচারের দাবি করেন।
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল বলেন, গুমের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচার করতে হবে। একই সঙ্গে নিখোঁজদের পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
মানববন্ধনে বক্তারা তিন ছাত্রনেতাসহ সব গুমের শিকার নাগরিকের সন্ধান ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।