দৌলতপুর সীমান্তে ১৩ বোতল ভারতীয় মদসহ একজন আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে একজন আসামিসহ মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ ডিসেম্বর (রোববার) সকাল ১০টার দিকে ৪৭ বিজিবির অধীনস্থ মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ১৫৩/৫-এস থেকে প্রায় ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ডাংমড়কা চেকপোস্ট এলাকায় নিয়মিত টহল চলাকালে অভিযানটি চালানো হয়।

অভিযানটি পরিচালনা করেন হাবিলদার মো. মুরাদ হোসেনের নেতৃত্বে একটি টহল দল। এ সময় রাজশাহী জেলার দামপুরা থানার শিতলাই গ্রামের বাসিন্দা মো. হাসিম আলী (৪৩)কে আটক করা হয়। তার পিতার নাম মো. আব্দুল আজিজ।

বিজিবি সদস্যরা আটক ব্যক্তির কাছ থেকে ভারতীয় ১৩ বোতল মদ এবং একটি মোবাইল ফোন জব্দ করেন। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ হাজার ৫০০ টাকা বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

আটক আসামিসহ জব্দকৃত মাদকদ্রব্য ও মোবাইল ফোন দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *