সৌদি আরবে সুযোগ বাড়লো বাংলাদেশি কর্মীদের

রিয়াদ, ৬ অক্টোবর ২০২৫: বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আজ সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত প্রথম আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সৌদি আরবের পক্ষে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী চুক্তিতে স্বাক্ষর করেন।

১৯৭৬ সাল থেকে সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার হলেও সাধারণ কর্মী নিয়োগে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি ছিল না। এর আগে ২০১৫ সালে গৃহকর্মী নিয়োগ এবং ২০২২ সালে দক্ষতা যাচাই সংক্রান্ত বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

নতুন এই চুক্তির মাধ্যমে বিভিন্ন পেশায় বাংলাদেশের দক্ষ কর্মী সৌদি আরবে নিয়োগের সুযোগ বৃদ্ধি পাবে। একই সঙ্গে কর্মী ও নিয়োগকর্তার অধিকার ও স্বার্থ সুরক্ষিত হবে এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

চুক্তি স্বাক্ষরের আগে দুই মন্ত্রী বৈঠক করেন। বৈঠকে উপদেষ্টা ড. আসিফ নজরুল স্বচ্ছ ও সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া, ইকামা নবায়ন, এবং দেশে ফেরার ইচ্ছুক কর্মীদের দ্রুত এক্সিট ভিসা প্রদানের বিষয়গুলো গুরুত্বসহ তুলে ধরেন। সৌদি মন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

বৈঠকে দক্ষ কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ, প্রবাসী কল্যাণ ও সুরক্ষা বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, মিশনের উপপ্রধান এস এম নাজমুল হাসান, শ্রম কাউন্সেলর মুহাম্মাদ রেজায়ে রাব্বীসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *