টাঙ্গাইলের সখীপুরে দৃষ্টিপ্রতিবন্ধী মায়ের কোল থেকে ছিনতাই হওয়া আট মাস বয়সী এক শিশুকে ছয় ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (২রা জানুয়ারী) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সখীপুর পৌরসভার একটি গণশৌচাগারের সামনে দৃষ্টিপ্রতিবন্ধী নারী নুর জাহানের কোল থেকে তাঁর আট মাস বয়সী ছেলে নুর মোহাম্মদকে কৌশলে ছিনিয়ে নেয় এক নারী। ঘটনার পর শিশুটির মা কান্নায় ভেঙে পড়েন এবং আশপাশের এলাকায় সন্তানের খোঁজ করতে থাকেন।
এ ঘটনার সিসিটিভি ফুটেজ ও মায়ের কান্নার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর সখীপুর থানা-পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ শুরু করে। ফুটেজে দেখা যায়, সাদা ওড়না পরা আনুমানিক ৩০ থেকে ৪০ বছর বয়সী এক নারী শিশুটিকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে প্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্ত করে পুলিশ। গতকাল রাত দুইটার দিকে গাজীপুরের কাশিমপুর উপজেলার এনায়েতপুর এলাকা থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়। একই সঙ্গে শিশুটিকে চুরির অভিযোগে স্বপ্না আক্তার (৩০) নামের এক নারীকে আটক করা হয়।
জানা গেছে, শিশুটির মা নুর জাহান ও বাবা দুজনই দৃষ্টিপ্রতিবন্ধী। তাঁদের বাড়ি সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের পাদোয়াচালা গ্রামে। জীবিকার তাগিদে তাঁরা দীর্ঘদিন ধরে সখীপুর শহরে ভিক্ষা করে জীবন নির্বাহ করে আসছেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান শুরু করে। ছয় ঘণ্টার মধ্যেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। উদ্ধারের পর শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।