কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে শ্যালো মেশিনচালিত ট্রলি চালানো তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অবৈধ বালু ব্যবসায়ী চক্র ধরলা নদী থেকে বালু উত্তোলন করে পরিবহন ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে চক্রটির বিরুদ্ধে ধরলা নদীর তীরবর্তী সোনাইকাজী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে চক্রের মূল সদস্যরা পালিয়ে যায়। তবে বালুভর্তি ট্রলিসহ তিন জন ট্রলি চালককে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— ফুলবাড়ী উপজেলার সমন্বয়পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আমিনুল ইসলাম (৩৮), চন্দ্রখানা গ্রামের মনছুর আলীর ছেলে বাদশা মিয়া (৩৫) এবং কবিরমামুদ গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৬)।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(খ) ও ১৫(১) ধারায় তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন বলেন, “নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এই দণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”