মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি ফেডারেল আদালতে হাজির হয়ে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টা ১ মিনিটে তাকে আদালতের এজলাসে হাজির করা হয়।
আদালতে উপস্থিত হওয়ার সময় মাদুরোর পরনে ছিল বন্দিদের জন্য নির্ধারিত নীল রঙের ইউনিফর্ম। তিনি তার আইনজীবী ব্যারি জে পোলাকের সঙ্গে হাত মেলান এবং শান্তভাবে নির্ধারিত আসনে বসেন।
মাদুরোর পরপরই তার স্ত্রী সিলিমা ফ্লোরেসকেও আদালতের এজলাসে আনা হয়। আদালতের কার্যক্রম বোঝার জন্য তারা দুজনই দোভাষীর সহায়তায় হেডসেট ব্যবহার করেন। ঠিক দুপুর ১২টা ৩ মিনিটে ৯২ বছর বয়সী বিচারক অ্যালভিন কে হেলারস্টাইন বিচারকের আসনে বসেন।
শুনানির একপর্যায়ে বিচারক মাদুরোর কাছে তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এখনো তিনি আনুষ্ঠানিক অভিযোগপত্র (ইন্ডিক্টমেন্ট) পড়েননি এবং তার অধিকার সম্পর্কেও তাকে জানানো হয়নি।
দোভাষীর মাধ্যমে মাদুরো বিচারককে বলেন, তিনি এসব অধিকার সম্পর্কে আগে জানতেন না এবং বিচারকই প্রথম তাকে এ বিষয়ে অবহিত করছেন।
এর জবাবে বিচারক হেলারস্টাইন বলেন, মাদুরোর পক্ষ থেকে ‘নট গিল্টি’ বা দোষী নন—এমন আবেদন দাখিল করা হবে।
পরে আবার বক্তব্য দিতে গিয়ে মাদুরো দৃঢ় কণ্ঠে বলেন, তিনি সম্পূর্ণ নির্দোষ। অভিযোগপত্রে উল্লিখিত কোনো বিষয়েই তিনি অপরাধী নন বলে দাবি করেন। একই সঙ্গে তিনি নিজেকে একজন ভদ্রলোক এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে পরিচয় দেন।
উল্লেখ্য, নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর বিচার কার্যক্রম শুরু হয়েছে। এই বহুল আলোচিত মামলার বিচারভার পেয়েছেন ম্যানহাটানের অভিজ্ঞ বিচারক অ্যালভিন কে হেলারস্টাইন। অন্যদিকে মাদুরোর পক্ষে আইনি লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন ওয়াশিংটন ডিসিভিত্তিক খ্যাতনামা আইনজীবী ব্যারি জে পোলাক।