ঢাকার ডেমরার মাতুয়াইল নিউটাউনের তুষারধারা এলাকায় অবস্থিত দ্যা ওয়ান রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৬ই জানুয়ারী) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে রেস্টুরেন্টটিতে গুরুতর পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি পরিলক্ষিত হয়। ভাঙা ও ময়লা জমে থাকা মেঝে, স্যাতস্যাতে পরিবেশ এবং অস্বাস্থ্যকর অবস্থা পাওয়া যায়। একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার সংরক্ষণ করা হচ্ছিল। ডিম বিষ্টাসহ সংরক্ষণ করা হয় এবং রেফ্রিজারেটরে কোনো ধরনের লেবেল সংযোজন ছাড়াই বিভিন্ন খাবার রাখা ছিল।
এছাড়া রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বিএসটিআই সনদ, ফায়ার লাইসেন্স, রেস্তোরাঁ নিবন্ধন সনদ, পেস্ট কন্ট্রোল সংক্রান্ত প্রমাণক এবং পানি পরীক্ষার সনদ প্রদর্শনে ব্যর্থ হয়। এসব অনিয়মের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের আদেশ দেওয়া হয়।
অভিযানকালে মো. আমিনুল ইসলাম (মনিটরিং অফিসার), মো. মিজানুর রহমান (নিরাপদ খাদ্য পরিদর্শক), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি চৌকস দল উপস্থিত ছিল।