চীনে খনিজ সম্পদ অনুসন্ধানে নতুন সাফল্যের খবর এসেছে। দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীন চায়না জিওলজিক্যাল সার্ভে (সিজিএস) জানিয়েছে, ক্রোমাইট খনন এবং অপ্রচলিত তেল–গ্যাস অনুসন্ধান—উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি মিলেছে।
সিজিএস জানায়, উত্তর-পশ্চিম সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের দক্ষিণ সার্তোকাই আকরিক বেল্টে ‘সার্তোকাই–২৭’ নামে নতুন একটি আকরিক ক্লাস্টার আবিষ্কৃত হয়েছে। সেখানে মোট ২০টি আকরিক-বডি শনাক্ত হয়েছে। এদের গড় মান ৩০.৭৩ শতাংশ হিসেবে উল্লেখ করা হয়, যা চীনা গবেষকদের কাছে আশাব্যঞ্জক।
ক্রোমাইট চীনের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ খনিজ। কালচে ধাতব খনিজটি বিশেষ ধাতব মিশ্রণ তৈরিতে ব্যবহৃত হয়, যেখানে কোবাল্ট, নিকেল ও টাংস্টেনের মতো উপাদান থাকে। মহাকাশ, বিমান, জাহাজ ও গাড়ি নির্মাণে এসব মিশ্র ধাতুর বড় ব্যবহার রয়েছে। ফলে দেশটি দীর্ঘদিন ধরে নিজস্ব উৎস খুঁজতে আগ্রহী ছিল।
এদিকে, তেল–গ্যাস অনুসন্ধানেও নতুন তথ্য এসেছে। মধ্য চীনের হুবেই প্রদেশের পশ্চিমাঞ্চলে প্রথমবারের মতো পারমিয়ান স্তর থেকে শিল্পমানের গ্যাস প্রবাহ নিশ্চিত করা গেছে। গবেষকরা মনে করছেন, এই নতুন উৎস দীর্ঘমেয়াদে অপ্রচলিত তেল–গ্যাস উত্তোলনকে আরও সম্প্রসারিত করতে সহায়তা করবে।
চীনের জ্বালানি ও কাঁচামাল নিরাপত্তা কৌশলে এসব আবিষ্কারকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।