কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারতীয় সীমান্তসংলগ্ন চরচিলমারী এলাকা থেকে মালিকবিহীন দুইটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ৪৭ বিজিবি’র অধীনস্থ চরচিলমারী বিওপির একটি টহল দল নিয়মিত টহলের সময় অস্ত্রগুলো দেখতে পায়।
বিজিবি জানায়, চরচিলমারীর আতারপাড়া মাঠ এলাকায় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রগুলো পড়ে ছিল। পরে তল্লাশি চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, আট রাউন্ড তাজা গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
অস্ত্র উদ্ধারের বিষয়টি কুষ্টিয়া ৪৭ বিজিবি মহিষকুন্ডি এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানায়। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ প্রক্রিয়ায় দৌলতপুর থানায় হস্তান্তরের কাজ চলছে। পাশাপাশি অস্ত্র চোরাচালানকারীদের শনাক্তে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত অঞ্চলে অস্ত্র ও মাদক চোরাচালান রোধে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।