অর্ধশত বছরের ইমামতি শেষে ক্বারী আব্দুর রশিদকে বিদায়ী সংবর্ধনা

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের চারিবাইদা বাজার জামে মসজিদের পেশ ইমাম ক্বারী আব্দুর রশিদ মৌলভীর পঞ্চাশ বছরের বেশি সময়ের কর্মজীবন শেষে অবসর গ্রহণ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বাদ যোহর মসজিদ কমিটি ও এলাকার মানুষের উদ্যোগে চারিবাইদা বাজারে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

ক্বারী আব্দুর রশিদের বাবা প্রয়াত ইদ্রিছ আলী মুন্সীও ইমামতি পেশায় যুক্ত ছিলেন। বাবার হাত ধরেই তিনি ছাত্রজীবন থেকে ইমামতি শুরু করেন। ১৯৭৩ সাল থেকে আনুষ্ঠানিকভাবে ইমামতি করেন তিনি। এরপর ১৯৮১ সালে নামদারপুর ফাজিল ডিগ্রি মাদরাসায় শিক্ষকতা শুরু করেন এবং ২০২০ সালে শিক্ষকতা জীবন শেষ করেন। ৩৯ বছরের শিক্ষকতা ও ৫২ বছরের ইমামতি মিলিয়ে তিনি জীবনের বড় অংশ ব্যয় করেছেন ধর্মীয় শিক্ষা ও সমাজসেবায়।

৮১ বছর বয়সে এসে বয়সের ভারে তিনি দুর্বল হয়ে পড়েছেন। এলাকার মানুষের ইচ্ছা ছিল আরও কিছুদিন তাকে ইমামতি করতে দেখা। কিন্তু শারীরিক অবস্থার কারণে আর তা সম্ভব হয়নি। সম্মান রক্ষায় তাই প্রথমবারের মতো একজন ইমামকে বিদায়ী সংবর্ধনা দেয় মসজিদ কমিটি ও সমাজবাসী।

২০০৬ সালে উপজেলা প্রশাসন ও উপজেলা ইমাম সংঘ তাকে ‘শ্রেষ্ঠ ইমাম’ নির্বাচিত করে। দীর্ঘ কর্মজীবনে তার অনেক ছাত্র দেশ-বিদেশে বিভিন্ন দায়িত্বে আছেন। অনেকে তার সহকর্মীও হয়েছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ফুল দিয়ে বরণ করা হয় ক্বারী আব্দুর রশিদকে। উপহার দেওয়া হয়। পরে প্রায় অর্ধশত মোটরসাইকেলের শোভাযাত্রায় কয়েকটি গ্রাম ঘুরে রাজকীয় পরিবেশে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

সংবর্ধনা ও দোয়া মাহফিলে কয়েক গ্রামের মানুষ অংশ নেন। বক্তব্য দেন মসজিদ কমিটির সভাপতি আবুল হাশেম সিকদার, সাবেক সভাপতি আলমগীর হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল গফুর সরকার হিরু, ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, মাওলানা মুফতি আল-আমীন, বড়চওনা-কুতুবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজমুল আলম, নামদারপুর ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাহমুদুল হাসানসহ অনেকে।

বক্তারা ক্বারী আব্দুর রশিদের অবদান তুলে ধরে বলেন, তিনি সততা, নিষ্ঠা ও আল্লাহভীতির সঙ্গে ইমামতি করেছেন এবং সমাজে আলোকবর্তিকার ভূমিকা রেখেছেন। বক্তব্য দিতে গিয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।

উপজেলায় প্রথমবার ইমামকে এমন গণসংবর্ধনা দেওয়াকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা বলেন, সমাজে ইমামের সম্মান ও গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে। তাই এ ধরনের সম্মান প্রদর্শন সমাজে ভালো উদাহরণ হয়ে থাকবে।

অনুষ্ঠানে ক্বারী আব্দুর রশিদের জন্য বিশেষ দোয়া করা হয়। তার সুস্থতা, দীর্ঘায়ু ও পরকালীন কল্যাণ কামনা করেন উপস্থিত সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *