আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্নের লক্ষ্যে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। সোমবার (১৩ জানুয়ারি ২০২৬) তিনি সরেজমিনে এসব কেন্দ্রের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও লজিস্টিক সহায়তা পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, মাগুরায় মোতায়েন থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ১৪তম ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা, শ্রীপুর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সালাহউদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তরা নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। কর্মকর্তারা জানান, ভোটগ্রহণের দিন নিরাপত্তা ও ভোটকেন্দ্র ব্যবস্থাপনাসহ সব প্রয়োজনীয় দায়িত্ব যথাযথভাবে পালন করা হবে।
সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ভোটারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।