জিনেদিন জিদানের হাত ধরে নতুন অধ্যায়ের পথে ফ্রান্স

 

ফরাসি ফুটবলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ২০২৬ বিশ্বকাপের পর জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন সাবেক বিশ্বকাপজয়ী ফুটবলার ও রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে—এ তথ্য ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে।

দীর্ঘদিন ধরে জিদানের নাম ফরাসি দলের ভবিষ্যৎ কোচ হিসেবে আলোচনায় ছিল। ডিডিয়ের দেশম বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জানানোর পর ফেডারেশনের আগ্রহ আরও বাড়ে। এখনো চুক্তি চূড়ান্ত না হলেও প্রস্তুতি কাজ এগোচ্ছে।

এদিকে জিদান নিজের টেকনিক্যাল স্টাফ গঠনের কাজও শুরু করেছেন। তাঁর দীর্ঘদিনের সহকারী ডেভিড বেত্তোনির নাম প্রথম টিম কোচ হিসেবে আলোচনায় আছে। পাশাপাশি ডেটা অ্যানালিস্ট ও পারফরম্যান্স বিশ্লেষকদের নিয়ে বড় ও আধুনিক সাপোর্ট টিম গঠনের পরিকল্পনাও করা হচ্ছে।

জিদান দায়িত্ব নিলে কাইলিয়ান এমবাপ্পেকে ঘিরে নতুন দল সাজানোর সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে জাতীয় দলে নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করা এমবাপ্পে জিদানের অধীনে আরও পরিণত হতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

এ সিদ্ধান্তে হতাশ ম্যানচেস্টার ইউনাইটেড। অনেকদিন ধরেই তারা জিদানকে কোচ হিসেবে পেতে চাইছিল। তবে জিদান ইংলিশ লিগে কাজ করতে অনীহা দেখিয়েছিলেন এবং এখন ফ্রান্সের পরিকল্পনায় যুক্ত হওয়ায় সেই আশা কার্যত শেষ হলো।

১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের তারকা হিসেবে জিদান ফরাসি ফুটবলে ইতিমধ্যে ইতিহাস গড়েছেন। এবার কোচ হিসেবে নতুন অধ্যায়ের অপেক্ষা। ২০২৬ বিশ্বকাপের পর ফরাসি ফুটবলে কি নতুন সূর্যোদয় দেখা যাবে—সমর্থকদের নজর এখন সেদিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *