ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা উন্নয়ন ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে একটি যৌথ অনুষ্ঠান আয়োজন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (সিইডি), নেদারল্যান্ডস অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এনএএবি) এবং নেদারল্যান্ডসের দূতাবাস।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, উদ্যোক্তা ও পেশাজীবীরা অংশ নেন। তারা উদ্যোক্তা হওয়ার পথ, ক্যারিয়ার গঠনের পরিকল্পনা, কাজের সুযোগ এবং নেদারল্যান্ডসে উচ্চশিক্ষার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও জীবনের গল্প শেয়ার করেন। প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ফান বোমেল বলেন, উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে নেদারল্যান্ডস বিশ্বমানের একটি গন্তব্য। তিনি শিক্ষার্থীদের সেখানকার পড়াশোনা ও কর্মজীবনের সুযোগ খুঁজে দেখার আহ্বান জানান। বক্তারা সবাই ব্যবসা শুরু, দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং চাকরির বাজার সম্পর্কে মূল্যবান পরামর্শ দেন।
আয়োজকরা বলেন, বিশ্ববিদ্যালয়, প্রাক্তন শিক্ষার্থী, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করা এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল। অংশগ্রহণকারীদের মধ্যে ভবিষ্যৎ নেতা, উদ্ভাবক ও উদ্যোক্তা তৈরির প্রয়োজনীয়তা নিয়ে ইতিবাচক বার্তা তৈরি হয়েছে।
অনুষ্ঠানের আয়োজক, বক্তা ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে শিক্ষা, উদ্ভাবন এবং উদ্যোক্তা উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকার আশা প্রকাশ করা হয়।