আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ও গণভোট এবং বর্তমান আইন–শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা হলরুমে দৌলতপুর থানা পুলিশের আয়োজনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। প্রায় চার ঘণ্টাব্যাপী সভা শেষ হয় দুপুর আড়াইটায়।
সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। এছাড়া বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মো. হাচান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ আরিফুল রহমান ও দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস।
বক্তৃতায় পুলিশ সুপার বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ এবং প্রতিটি ভোটারের নিরাপদ ভোটাধিকার নিশ্চিত করতে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। তিনি জানান, আগামীর নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সম্ভাব্য সব ধরনের গুজব, বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে জনগণের সহযোগিতা জরুরি। নির্বাচনকালীন সময়ে আইন মেনে চলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকল মহলকে আহ্বান জানানো হয়।
সভায় বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা বেলাল হোসেন, জাতীয় পার্টির প্রার্থী শাহরিয়ার জামিল জুয়েল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আমিনুল ইসলাম এবং গণ অধিকার পরিষদের প্রার্থী সাহাবুল ইসলাম বক্তব্য দেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক দল, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ প্রশ্ন ও মতামত তুলে ধরেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসব প্রশ্নের ব্যাখ্যা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।