জাপানের মিয়ে প্রিফেকচারের গভর্নর কাটসুয়ুকি ইচিমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী। শুক্রবার (১৬ই জানুয়ারী) অনুষ্ঠিত এ বৈঠকে শ্রমবাজার, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ সরকার জাপানি ভাষা, সংস্কৃতি ও নানা দক্ষতায় হাজারো বাংলাদেশিকে প্রশিক্ষণ দিচ্ছে। এর ফলে জাপানে কাজের সুযোগ এবং পারস্পরিক সহযোগিতা আরও বাড়ছে বলে তিনি আশা প্রকাশ করেন।
গভর্নর ইচিমি উদ্যোগটিকে স্বাগত জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন—আগামী দিনে জাপানে, বিশেষ করে মিয়ে প্রিফেকচারে, বাংলাদেশি নাগরিকের সংখ্যা আরও বাড়বে এবং স্থানীয় অর্থনীতি ও সমাজে তাদের ভূমিকা দৃশ্যমান হবে।
এ ছাড়া সৌজন্যমূলক আলোচনায় দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে মতবিনিময় করে।