বাংলাদেশ সফররত যুক্তরাজ্য সরকারের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের বাসভবনে আয়োজিত এ বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের অর্থনীতি ও যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এনসিপি’র প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম আহবায়ক ও আন্তর্জাতিক সেল প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।
বৈঠকে এনসিপি প্রতিনিধি দল তাদের “নতুন বাংলাদেশের ২৪ দফা ইশতেহার”-এর অর্থনীতি সম্পর্কিত প্রস্তাবনা তুলে ধরে। তারা মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি, তারুণ্য ও কর্মসংস্থান, বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন, গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি, টেকসই কৃষি, জাতীয় শিক্ষানীতি ও সার্বজনীন স্বাস্থ্যব্যবস্থা বিষয়ে নিজেদের পরিকল্পনা ব্যারোনেস উইন্টারটনের সামনে উপস্থাপন করেন।
দীর্ঘদিন যুক্তরাজ্যের সংসদ সদস্য ও মন্ত্রিসভায় দায়িত্ব পালন করা ব্যারোনেস রোজি উইন্টারটন ২০২৪ সালে হাউজ অফ লর্ডসে উন্নীত হন এবং ২০২৫ সালে যুক্তরাজ্যের বাণিজ্য দূত হিসেবে নিয়োগ পান। তিনি “ব্যারোনেস অফ ডনকাস্টার” ও “ডেম কমান্ডার অফ ব্রিটিশ এম্পায়ার (ডিবিই)” উপাধিধারী।
বৈঠকে উভয় পক্ষ যুক্তরাজ্য ও বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এনসিপি প্রতিনিধি দল যুক্তরাজ্যের সরকার ও বিনিয়োগকারীদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানায়।