অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম এবং সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম সভা মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তাঁর বাসভবন যমুনায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় সরকারের ৬ জন উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিবসহ মোট ১৪ জন সচিব/সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদন পায়।
রাজস্ব আহরণে স্বচ্ছতা, জবাবদিহি ও গতি বাড়াতে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দু’টি নতুন বিভাগ গঠনের অনুমোদন দেয়া হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি হয়েছে।
স্বাস্থ্য খাতের কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ ও ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ একত্রিত করে নতুন ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ গঠনের অনুমোদন দেয়া হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করা হবে। তবে এর ইংরেজি নাম Ministry of Women and Children Affairs (MoWCA) অপরিবর্তিত থাকবে।
গ্লোবাল পরিবেশগত ঐতিহ্য, পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনার বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ শ্রেণি থেকে ‘এ’ শ্রেণিতে উন্নীত করার অনুমোদন দেয়া হয়।
এছাড়া তিনটি নতুন থানা গঠনের সিদ্ধান্ত হয়—গাজীপুরে ‘পূর্বাচল উত্তর’, নারায়ণগঞ্জে ‘পূর্বাচল দক্ষিণ’ এবং কক্সবাজারে ‘মাতারবাড়ী’। নরসিংদী জেলায় রায়পুরাকে ভাগ করে আরও একটি নতুন থানা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ঠাকুরগাঁওয়ের ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাবও সভায় অনুমোদিত হয়।