কুয়েতে ডাকযোগে ভোট বিষয়ক সচেতনতা বাড়াতে দূতাবাসে মতবিনিময়

২০ জানুয়ারি ২০২৬, কুয়েত—প্রথমবারের মতো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশীদের ডাকযোগে ভোট প্রদানের সুযোগ নিশ্চিত করতে কুয়েতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রবাসী বাংলাদেশী বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে “Postal Vote BD” অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালট সংগ্রহ ও ভোট প্রদানের প্রক্রিয়া, সচেতনতা বৃদ্ধি এবং যাবতীয় নির্দেশনা তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা ভোট সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন এবং দূতাবাসের কর্মকর্তারা তার উত্তর দেন।

সভায় সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি। রাষ্ট্রদূত জানান, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী কুয়েতের নিবন্ধিত ভোটারদের পোস্টাল ব্যালট ইতোমধ্যেই স্থানীয় পোস্ট অফিসে পৌঁছেছে। তিনি উপস্থিত প্রবাসী নেতৃবৃন্দকে সংশ্লিষ্ট পোস্ট অফিস থেকে ব্যালট সংগ্রহ এবং অন্যদের সচেতন করতে আহ্বান জানান।

রাষ্ট্রদূত আরও জানতে চান—ব্যালট সংগ্রহে প্রবাসীরা কোনো প্রতিবন্ধকতার মুখে পড়ছেন কিনা এবং সেক্ষেত্রে দূতাবাস কীভাবে সহায়তা করতে পারে। তিনি পোস্টাল ব্যালটের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং সতর্ক করেন যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী ব্যালটের গোপনীয়তা ভঙ্গ করলে বা প্রভাব বিস্তার করলে নির্বাচন কমিশন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

মতবিনিময় সভায় দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *