কুমিল্লায় গ্রামীণ শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ কর্মসূচি

কুমিল্লার সীমান্তবর্তী ও প্রত্যন্ত এলাকা বাজগাড্ডার ঝাকুনিপাড়ায় অবস্থিত বাজগাড্ডা রাবেয়া মেমোরিয়াল গার্লস হাই স্কুলে ‘টক হোপ ফর লাইফ’ শীর্ষক মানসিক স্বাস্থ্য সচেতনতা ও আত্মহত্যা প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করা, তাদের চিন্তা-অনুভূতি নিয়ে খোলামেলা কথা বলার সুযোগ তৈরি এবং সহায়তা চাইতে উৎসাহ দেওয়ার লক্ষ্যেই এ কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচিটি আয়োজন করে ড. মুহাম্মদ ফখরুল ইসলাম ফাউন্ডেশন। সহযোগিতায় ছিল চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার। এতে সহায়তা দেয় ঝাকুনিপাড়া নবদিগন্ত যুব সংগঠন, শ্যাডো (ফাউন্ডেশনের যুব শাখা) এবং টক হোপ। এসব সংগঠন তরুণদের মধ্যে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও আত্মহত্যা প্রতিরোধে যৌথভাবে কাজ করছে।

আলোচনায় মানসিক সুস্থতা, মানসিক চাপ ও সংকটের প্রাথমিক লক্ষণ চেনা, মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ভাঙা এবং প্রয়োজনে সাহায্য চাওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে সেশনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ ফখরুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারপারসন ও চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের সভাপতি ড. মুহাম্মদ ফখরুল ইসলাম বাবু বলেন, ভৌগোলিক অবস্থান বা সামাজিক সীমাবদ্ধতার কারণে যেন কেউ মানসিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, সে জন্য সম্মিলিত উদ্যোগ জরুরি।

বিশেষ অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মো. সাদ্দাম হোসেন রনি জানান, প্রাথমিক সচেতনতা, সহমর্মিতা এবং খোলামেলা যোগাযোগ আত্মহত্যা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

টক হোপের পক্ষে আফতাব আহমেদ ফারদিন শিক্ষার্থীদের সহানুভূতিশীল হতে, একে অপরের পাশে দাঁড়াতে এবং প্রয়োজনে সাহায্য চাইতে উৎসাহিত করেন।

শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, গ্রামীণ ও সীমান্তবর্তী বিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক কর্মসূচি খুবই প্রয়োজনীয় হলেও এমন উদ্যোগ খুব কম নেওয়া হয়।

আয়োজকরা জানান, ‘টক হোপ ফর লাইফ’ কর্মসূচি ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে চলবে, যাতে একটি সহানুভূতিশীল, মানসিকভাবে সুস্থ ও আত্মহত্যা-সচেতন সমাজ গড়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *