কুমিল্লায় চলছে পাঁচদিনের শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহোৎসব

কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওরা সার্বজনীন কালী বাড়ি ও মহাশ্মশানে জীবজগতের কল্যাণ কামনায় চলছে ২০ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহোৎসব। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে এ নামযজ্ঞ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

মহোৎসব উপলক্ষে বুধবার সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ ও আলোচনা সভার পর শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত পাঠ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে কালীমায়ের পূজা ও হোম শেষে বিকেলে শুভ অধিবাস, গঙ্গা আবাহন ও মঙ্গল ঘট স্থাপনের মাধ্যমে শুরু হয় অখণ্ড হরিনাম সংকীর্তন।

সূচি অনুযায়ী শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় মহাশ্মশানে সৎকারকৃত বিদেহী আত্মাদের শান্তি কামনায় পিণ্ডদান অনুষ্ঠিত হবে। শনিবার (২৪ জানুয়ারি) মধ্যাহ্নে শ্রীশ্রী মহাপ্রভুর ভোগরাগের পর ভক্ত-শ্রোতাদের মাঝে প্রসাদ বিতরণ এবং রবিবার (২৫ জানুয়ারি) সূর্যোদয়ে হরিনাম সংকীর্তনের সমাপ্তি হবে। পুরো মহোৎসব চলাকালে প্রতিদিন দুপুর ও রাতে প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে।

মহোৎসবকে ঘিরে মন্দির প্রাঙ্গণে মেলা বসেছে। সেখানে সকল ধর্মের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নামামৃত পরিবেশন করছেন সাতক্ষীরার নন্দ কিশোর সম্প্রদায় ও ব্রজগোপী সম্প্রদায়, খুলনার অষ্টসখী, লক্ষ্মী প্রিয়া ও বন্ধু সুন্দর সম্প্রদায় এবং ফেনীর ব্রজের কানাই সম্প্রদায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়াইওরা সার্বজনীন কালী বাড়ি ও মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি প্রদীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক অসিত পাল, কোষাধ্যক্ষ ডা. খোকন নন্দীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারাও যোগ দেন। হাজারো ভক্ত-শ্রোতার উপস্থিতিতে অনুষ্ঠানস্থল উৎসবের আমেজে পরিণত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *