মাগুরার শালিখা উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) গভীর রাতে উপজেলার সবলাট গ্রামে এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবলাট গ্রামে তল্লাশি চালায়। অভিযানে মানিক হোসাইন (২২) ও কালাম মোল্লা (৫১) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
অভিযান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সন্ত্রাস ও অপরাধ দমনে জননিরাপত্তার স্বার্থে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলবে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।