সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা বৃহস্পতিবার ও শুক্রবার সারাদেশের মতো কুমিল্লাতেও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও কাঁসরের শব্দে মুখরিত হয়ে ওঠে জেলার বিভিন্ন পূজামণ্ডপ।
শাস্ত্রমতে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা করা হয়। এ বছর ২২ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ০৭ মিনিট ৪৮ সেকেন্ডে পঞ্চমী তিথি শুরু হয়ে শেষ হয় শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিট ৩৬ সেকেন্ডে। এই সময়ের মধ্যেই পূজার মূল আয়োজন সম্পন্ন হয়।
লোকায়ত বিশ্বাস অনুযায়ী, ঐশ্বর্য, জ্ঞান, বুদ্ধি ও সিদ্ধির দেবী হিসেবে সরস্বতীর নিকট কল্যাণ কামনা করে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। সকালে জেলার বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা “সরস্বতী মহাভাগে…” মন্ত্র উচ্চারণ করে দেবীর পায়ে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
পূজার দিন শিশুদের নতুন জামা পরিয়ে ‘হাতেখড়ি’ দেওয়ার রীতি পালিত হয়। ব্রাহ্মণ, মাতুল বা পিতা-মাতা শিশুর হাতে কলম ও শ্লেট দিয়ে প্রথম অক্ষর লিখতে শেখান। এ আনুষ্ঠানিকতার মাধ্যমে তাদের শিক্ষাজীবনের সূচনা হয়।