বাংলাদেশ বাদ, টি–টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড : আইসিসির সিদ্ধান্ত

বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার (২৪ জানুয়ারি) আইসিসির বিবৃতিতে বলা হয়, আগামী ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্ধারিত সূচিতে খেলতে রাজি না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টুর্নামেন্টটি ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ২০২৬ পর্যন্ত ভারতের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা। বিসিবি ভারতে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে দাবি করে সেগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়। তবে ভারতীয় মাটিতে বাংলাদেশ দল, কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য ‘বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য ঝুঁকি নেই’—এমন মূল্যায়ন দেয় আইসিসি। ফলে সূচি পরিবর্তনের দাবি সরাসরি নাকচ হয়।

বিবৃতিতে জানানো হয়, বিষয়টি নিয়ে বিসিবির সঙ্গে গত তিন সপ্তাহ ধরে একাধিক ভিডিও কনফারেন্স ও সরাসরি বৈঠক হয়। বিসিবির উদ্বেগ খতিয়ে দেখতে অভ্যন্তরীণ ও বহিরাগত বিশেষজ্ঞদের মাধ্যমে নিরাপত্তা মূল্যায়নও করা হয়। কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের নিরাপত্তা পরিকল্পনা, বাড়তি প্রোটোকল ও আয়োজন সংক্রান্ত তথ্যও বিসিবিকে জানায় আইসিসি।

আইসিসি বলছে, শুধু একটি বোর্ডের দাবি মেনে সূচি বদলে ফেললে ইভেন্টের ন্যায্যতা, অখণ্ডতা এবং ভবিষ্যৎ টুর্নামেন্টের জন্য নেতিবাচক নজির তৈরি হতে পারে। তাই সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত বুধবার আইসিসির শীর্ষ বৈঠকের পর বিসিবিকে ২৪ ঘণ্টার সময় দিয়ে জানানো হয় তারা নির্ধারিত সূচি অনুযায়ী খেলবে কি না। নির্ধারিত সময়ের মধ্যে উত্তর না পাওয়ায় আইসিসি বিকল্প দল বাছাই প্রক্রিয়া শুরু করে।

স্কটল্যান্ড বর্তমানে টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১৪তম স্থানে রয়েছে। যারা আগে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফায়ারে জায়গা করতে পারেনি। র‍্যাঙ্কিংয়ে তারা নামিবিয়া, নেপাল, ইউএই, যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান ও ইতালির চেয়ে এগিয়ে আছে। ফলে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডই সুযোগ পেল আগামী বিশ্বকাপে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *