সাকিব আল হাসান আবারও জাতীয় দলে ফেরার দোরগোড়ায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, তার ফিটনেস ও অ্যাভেইলেবিলিটি বিবেচনায় সাকিবকে জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা যাবে।
শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির জরুরি সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “সর্বসম্মতিক্রমে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, সাকিব আল হাসানকে তার অ্যাভেইলেবিলিটি ও ফিটনেস সাপেক্ষে সিলেকশনের ক্ষেত্রে বিবেচনা করা হবে।”
এর ফলে দেশে ও দেশের বাইরে আসন্ন সিরিজগুলোতে সাকিবকে দলে ডাকতে পারবেন নির্বাচকরা। যে ভেন্যুতে তার শারীরিক প্রস্তুতি উপযোগী হবে, সেই সিরিজেই মাঠে নামার সুযোগ থাকবে এই অভিজ্ঞ অলরাউন্ডারের।
বোর্ড আরও জানায়, সাকিবকে আবারও কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি তার চলমান মামলা ও আইনি বিষয়ে বিসিবি সক্রিয় ভূমিকা নিতে যাচ্ছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন বলেও জানা গেছে।
সব মিলিয়ে জাতীয় দলের জার্সিতে সাকিবকে ফের দেখার সম্ভাবনা জোরালো হয়েছে। ক্রিকেট ভক্তদের প্রত্যাশা—ফিটনেস অর্জন করে দ্রুতই মাঠে ফিরবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।